টাইগার শ্রফের উপর হামলার পর থেকে উদ্বেগে বলিউড। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কারা এই হামলার নেপথ্যে তা নিয়েও নানা জল্পনা চারদিকে। এর মধ্যেই মুখ খুলল টাইগারের সহযোগী দল। একটি দীর্ঘ বিবৃতি দিয়েছে তারা।
অভিনেতাকে ঘিরে নানা ভুয়া খবর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভিডিও ছড়িয়ে পড়ছে বলে সতর্কবার্তা দিয়েছে টাইগারের সহযোগী দল।
তাদের স্পষ্ট বক্তব্য, সাম্প্রতিক ঘটনা নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য এখনও পর্যন্ত করেননি অভিনেতা। এমনকি, এই বিষয়ে কোনও ভিডিও প্রকাশ করেননি তিনি। টাইগারের নামে ভুয়া তথ্য ছড়ালে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমরা স্পষ্ট ভাবে জানাতে চাই, সাম্প্রতিক ঘটনা বা তার সঙ্গে সম্পর্কিত কোনও বিষয় নিয়ে টাইগার শ্রফ কোনও বিবৃতি দেননি। তিনি কোনও ভিডিও প্রকাশ করেননি এবং কাউকে তার হয়ে কোনও বার্তা দেওয়ার অনুমতিও দেননি।”
কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে ভুয়া খবর ছড়ানোর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে অভিনেতার সহযোগী দলটি।
তাদের বক্তব্য, “মনগড়া খবর, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভিডিও এবং সাজানো কাহিনি ছড়ানো হচ্ছে।”
সাধারণ মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে এই বিষয়গুলি তৈরি করা হচ্ছে বলেও দাবি তাদের। সংবাদমাধ্যম যাতে এই ভুয়া তথ্যে বিশ্বাস না করে, সেই আবেদনও করেছে তারা।
এখানেই শেষ নয়। টাইগারের নামে ভুয়া ভিডিও বা তথ্য ছড়িয়ে দিচ্ছে যারা, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শেষে সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে অভিনেতার সহযোগী দল। টাইগারকে নিয়ে কোনও খবর বিশ্বাস করার আগে তার সত্যতা যাচাই করার আবেদন জানানো হয়েছে বিবৃতিতে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









