আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক প্রত্যাহারকে প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত মনোভাবের প্রমাণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও মন্ত্রী পদমর্যাদার অধিকারী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হলে কিংবা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আগামী নির্বাচনে দল-সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
মঙ্গলবার রাতে নিজের নির্বাচনী এলাকা বরিশাল-১ আসনের বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার শতাধিক দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় দুই উপজেলার পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম ও সদস্যসচিব মোল্লা বসির আহমেদ পান্নাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। দলের মধ্যে কেউ বিশ্বাসঘাতকতা করলে তাঁকে ক্ষমা করা হবে না। প্রত্যেক ইউনিয়নের তথ্য দলের কাছে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদেরই দল সমর্থন দেবে।
তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের কারণে দল ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তি যত বড় নেতাই হোন না কেন, তাঁকে দলবিরোধী কর্মকাণ্ডের জন্য শাস্তির মুখোমুখি হতে হবে। নির্বাচনী তৎপরতায় দলের সব নেতাকর্মীর ভূমিকা পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।
কালী ও দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন
এদিকে গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া গ্রামে নবনির্মিত সার্বজনীন শ্রীশ্রী কালী ও দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন মন্দিরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি মিল্টন মণ্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, বাটাজোর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজাদ মৃধা, গৌরনদী উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামীসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









