ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা মঙ্গলবার বলেছেন, গত আট বছরের ব্যাংক ও টেলিফোন সংক্রান্ত গোপনীয়তা তুলে নেওয়ার জন্য তিনি দেশটির সর্বোচ্চ নির্বাচনী কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।
এই তথ্য প্রকাশকে নিজের সম্মান রক্ষার পদক্ষেপ বলে উল্লেখ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে একই ধরনের স্বচ্ছতার পদক্ষেপ নেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন লুলা।
সুপিরিয়র ইলেক্টোরাল কোর্ট (টিএসই) ও সুপ্রিম ফেডারেল কোর্টে জমা দেওয়া আবেদন অনুযায়ী, লুলা, ফার্স্ট লেডি জানজা, তাদের পাঁচ সন্তান এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ব্যাংক, কর ও যোগাযোগ-সংক্রান্ত নথি খতিয়ে দেখার সুযোগ দেওয়া হবে। শর্ত হলো, ফ্লাভিও বলসোনারোকেও একই ধরনের তথ্য প্রকাশে সম্মত হতে হবে।
বলসোনারো এই চ্যালেঞ্জ তাৎক্ষণিকভাবে গ্রহণ করেননি। ২৫ অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনের রানঅফের আগে এই ঘটনা ঘটল।
সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো কিংবা লুলা, কেউই ৪ অক্টোবরের প্রথম দফায় প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোটের সীমা অতিক্রম করতে পারেননি।
সূত্র: আনাদোলু


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









