পটুয়াখালীর দুমকিতে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় তিন জেলেকে আটক করা হয়। তাঁদের মধ্যে দুজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপরজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) পরিচালিত এ অভিযানের তথ্য নিশ্চিত করেছেন দুমকি উপজেলা উপসহকারী মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নদীতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল ও মাছ ধরার ট্রলারসহ তিন জেলেকে হাতেনাতে আটক করা হয়।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ ভরপাশা গ্রামের মৃত সোবাহান হাওলাদারের ছেলে মো. মজিবর হাওলাদার (৬২) এবং তাঁর ছেলে মো. উজ্জ্বল হাওলাদার (২৬)।
পরে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
অন্যদিকে, আটক অপর ব্যক্তি পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী এলাকার মো. আনোয়ারের ছেলে মো. সিয়াম (১৩)। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ভবিষ্যতে এ ধরনের অবৈধ কাজে জড়িত না হওয়ার মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, জাটকা ও মা ইলিশ রক্ষা এবং নদীতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









