দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেছেন, দুর্নীতি বন্ধ করার প্রথম শর্ত হলো যারা আমরা বলছি দুর্নীতি বন্ধ করতে হবে, সেই রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দের আগে দুর্নীতি মুক্ত হতে হবে। অন্যথায় আমরা ব্যর্থ হব।
বুধবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন। এ সময় উপজেলার শিক্ষা, সামাজিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। উপস্থিত শিক্ষক ও সাংবাদিকরা তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
শিক্ষকদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, বর্তমান জেনারেশনকে ডিল করাটা শিক্ষকদের জন্য কঠিন, সেই পথ দিনদিন আরও কঠিন হয়ে উঠছে। এই জেনারেশন দিনে দিনে মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এই প্রজন্মকে মাদক থেকে সরিয়ে আনতে হবে। শিক্ষার্থীদের জন্য নতুন করে ভাবতে হবে। শিক্ষকদের যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।
মন্ত্রী আরও বলেন, নিয়োগের ক্ষেত্রে টাকা পয়সার লেনদেন হলে কাউকে ছাড় দেয়া হবে না। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সঙ্গে অনেকেই দুর্ব্যবহার করছেন, এটা সহ্য করা হবে না। আবার প্রধান শিক্ষক ছাত্রদের শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাটের সঙ্গে জড়িত হবেন, সেটাও সহনীয় না।
এ সময় শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি শাখার সভাপতি ও দিগনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমানের সভাপতিত্বে এবং শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি শাহীন আক্তার পলাশের সঞ্চালনায় বক্তব্য দেন সাংবাদিক তাজনুর রহমান ডাবলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব মল্লিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, মাদরাসা শিক্ষক প্রতিনিধি নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি ফিরোজ আহম্মেদ, কলেজ শিক্ষক প্রতিনিধি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষক প্রতিনিধি মনিরুল ইসলাম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









