উৎসবমুখর পরিবেশে পাবনার চাটমোহরে উদ্যাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমী।
বুধবার (২১ অক্টোবর) সকালে দশমী বিহিত পূজা ও অপরাজিতা পূজা শেষে বিভিন্ন পূজামণ্ডপে ঐতিহ্যবাহী সিঁদুর খেলায় মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বী নারীরা।
এ সময় বিবাহিত নারীরা দেবী দুর্গার চরণে সিঁদুর অর্পণ ও দেবীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন। পরে একে অপরের সিঁথি ও মুখে সিঁদুর রাঙিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা। ঢাকের বাদ্য ও ভক্তিমূলক গানের তালে মণ্ডপগুলোতে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
পূজা উদ্যাপন কমিটি সূত্রে জানা গেছে, বিজয়া দশমী উপলক্ষে বিকেলে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়েছে। বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে শোভাযাত্রা শেষে জয় কালী দীঘিতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









