চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই ভটভটি রাস্তার পাশের খাদে পড়ে অন্তত আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার কানসাট-ভোলাহাট আঞ্চলিক সড়কের মোবারকপুর ইউনিয়নের মাঝাটোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন মোবারকপুর ইউনিয়নের মৃত আব্দুল সাত্তারের ছেলে আব্দুস সামাদ (৪৫), নেফাউর রহমানের ছেলে আব্দুস সামাদ (৩৫), আব্দুল মকিম (৩৮), কায়েস আলীর ছেলে নাদিম হোসেন (৩২), আরজেনের ছেলে জামাল আলী (৪০), খড়কপুর গ্রামের কান্তু আলী (৪০) এবং মৃত সাফু বিশ্বাসের ছেলে গোলাম মোস্তফা (৫৫)। আহত অপর একজনের পরিচয় জানা যায়নি।
মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদুল হক হায়দারী জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি গ্রামপুলিশ পাঠান এবং ফায়ার সার্ভিসকে অবহিত করেন। এ ঘটনায় কেউ মারা যাননি।
শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা ভটভটিতে থাকা লোকজন ও গরুগুলো উদ্ধার করেন। খাদে পড়ে থাকা ভটভটিটি উদ্ধারের কাজ চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









