চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যৌতুকের মামলা করায় প্রতিশোধ হিসেবে শ্বশুর তোফিজুল ইসলামকে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার জামাতা মো. সেলিমের বিরুদ্ধে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলার রহনপুর ইউনিয়নের ষাঁড়বুরুজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তোফিজুলের মেয়ে তাসলিমা আফরোজ তিশা গোমস্তাপুর থানায় লিখিত এজাহার দিয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি ষাঁড়বুরুজ এলাকার তোফিজুল ইসলামের মেয়ে তিশার সঙ্গে একই এলাকার আতাউর রহমানের ছেলে সেলিমের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে স্বামী সেলিম ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন তিশা।
অভিযোগে বলা হয়, ওই মামলার জেরে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার রাতে ভ্যানে বাড়ি ফেরার পথে ষাঁড়বুরুজ এলাকায় তোফিজুলের ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, স্বামী-স্ত্রীর বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। এজাহার পাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









