সিলেট নগরের একটি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থেকে পুলিশের পোশাক পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করায় এএসআই উদয়ন ফারুককে প্রত্যাহার করা হয়েছে। তাকে জালালাবাদ থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের আদেশে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে নগরের ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই উদয়ন ফারুক। পূজা উদযাপন পরিষদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশের পোশাক পরেই মঞ্চে জেমসের ‘ওরে ওরে হাওয়ারে’ গানটি পরিবেশন করেন তিনি। পরে তার গান গাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, সরকারি দায়িত্ব পালনের সময় অন্য কাজে জড়িয়ে পড়া দায়িত্বে অবহেলার শামিল। ভিডিওটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসার পর এএসআই ফারুককে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে জালালাবাদ থানার সহকারী কমিশনারকে (এসি) দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









