তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবা কার্যক্রম গতিশীল করতে বরিশাল সদর উপজেলার ৯৫ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২১ অক্টোবর) বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা। এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মজিবর রহমান সরোয়ার বলেন, গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা আরও দক্ষতার সঙ্গে জনসেবা দিতে পারবেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মোছা. ফরিদা সুলতানা বলেন, গ্রাম পুলিশ উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী। বাইসাইকেল ও ইউনিফর্ম পাওয়ায় তাদের দৈনন্দিন দায়িত্ব পালন সহজ হবে বলে আশা করা হচ্ছে। তিনি গ্রাম পুলিশ সদস্যদের নিষ্ঠা, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগে গ্রাম পুলিশের যাতায়াত ও মাঠপর্যায়ে কাজের সক্ষমতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









