প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
বুধবার (২১ অক্টোবর) বিকেল পৌনে ৫টায় পার্বতীপুরের নতুন বাজার বারোয়ারী পূজামন্দির থেকে শোভাযাত্রা বের হয়ে কালীবাড়ী মন্দিরে মিলিত হয়। পরে পৌর শহরের ১৩টি পূজামন্দিরের মধ্যে ৯টির প্রতিমা একত্রে পার্বতীপুর শহরসংলগ্ন তিলাই নদীতে বিসর্জন দেওয়া হয়। এ সময় নদীর পাড়ে ভক্ত ও সাধারণ মানুষের ঢল নামে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি কৈলাশ প্রসাদ সোনার ও সাধারণ সম্পাদক অধ্যাপক দীপেশ চন্দ্র সিংহ জানান, এ বছর উপজেলায় ১৫০টি মন্দিরে সর্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।
পূজার আনন্দঘন পরিবেশ বজায় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ ও পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুদ।
আনন্দ-উচ্ছ্বাস ও বিদায়ের আবহে আগামী বছর আবারও মা দুর্গার আগমনের প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয় পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









