নাটোরের লালপুরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। বুধবার ৪৬টি পূজামণ্ডপে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।
এবার উপজেলায় গত বছরের তুলনায় পাঁচটি পূজামণ্ডপ বেড়েছে। নতুন মণ্ডপগুলো হলো গোপালপুর পৌরসভার শিবপুর ও সিরাজীপুর, ঈশ্বরদী ইউনিয়নের শিবনগর, আড়বাব ইউনিয়নের বড় বাহাদিপুর এবং কদিমচিলান ইউনিয়নের ঘাটচিলান।
উপজেলার গোপালপুর পৌরসভায় আটটি, লালপুর ইউনিয়নে ছয়টি, ঈশ্বরদীতে চারটি, আড়বাবে পাঁচটি, চংধুপইলে চারটি, বিলমাড়ীয়ায় তিনটি, দুয়ারিয়ায় তিনটি, ওয়ালিয়ায় ছয়টি, দুড়দুড়িয়ায় চারটি, অর্জুনপুর-বরমহাটি ইউনিয়নে একটি এবং কদিমচিলানে দুটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার কর্মকার বলেন, সবার সহযোগিতা ও ভালোবাসায় নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। পরিষদের সভাপতি দীপেন্দ্রনাথ সাহা জানান, এবার আনন্দঘন পরিবেশে পূজা উদ্যাপিত হয়েছে। নিরাপত্তার জন্য মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল।
পূজা উপলক্ষে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন মণ্ডপগুলো পরিদর্শন করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। প্রশাসনের তৎপরতায় শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপন ও বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









