বাগেরহাটের শরণখোলায় প্রতিবেশীর জমিতে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মিজান হাওলাদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর সাউথখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিজান হাওলাদার ওই গ্রামের লাল মিয়া হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের কৃষক সালেক মোল্লা ও বাবুল মোল্লা জমির ইঁদুর মারতে লোহার তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে আইলে ফাঁদ পেতে রেখেছিলেন। বুধবার দুপুরে নিজের ধানখেতে কীটনাশক স্প্রে করতে যাওয়ার সময় পাশের জমির আইলে পাতা ওই ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মিজান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও বৈদ্যুতিক ফাঁদটি উদ্ধার করে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









