শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মৌলভীবাজারের বড়লেখায় স্থানীয় প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার যৌথ উদ্যোগে পরিচালিত সপ্তাহব্যাপী বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ ও সচেতনতামূলক কর্মসূচি শেষ হয়েছে।
মহাষষ্ঠীর আগের দিন থেকে বিজয়া দশমী পর্যন্ত টানা সাত দিন এ কর্মসূচি পরিচালিত হয়।
এ সময় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও পূজামণ্ডপ সংলগ্ন এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখা এবং দর্শনার্থী ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কাজ করেন নিসচার স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
কর্মসূচির অংশ হিসেবে তালিমপুরের বাংলাবাজার সার্বজনীন পূজামণ্ডপ এলাকাতেও ট্রাফিক নিয়ন্ত্রণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এর আগে গত ১২ অক্টোবর নিসচার একটি প্রতিনিধিদল স্থানীয় প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করে সড়কে নিরাপত্তা জোরদার ও যানজট নিরসনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরে। এসব প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রশাসন ও ট্রাফিক পুলিশের সহযোগিতায় মাঠপর্যায়ে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়।
স্থানীয়দের ভাষ্য, দুর্গাপূজার সময় পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের ভিড় এবং যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় প্রতিবছরই বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়। তবে এবার প্রশাসন, পুলিশ ও নিসচার স্বেচ্ছাসেবকদের সমন্বিত তৎপরতায় সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়েছে। বিশেষ করে পূজামণ্ডপে যাতায়াতকারী দর্শনার্থী ও সাধারণ পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে স্বেচ্ছাসেবকেরা দিন-রাত কাজ করেন।
সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় গুরুত্বপূর্ণ মোড় ও পূজামণ্ডপসংলগ্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ, পথচারীদের ফুটপাত ব্যবহারে উদ্বুদ্ধ করা, চালকদের অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকার আহ্বান এবং যত্রতত্র গাড়ি পার্কিং রোধে মাইকিং করা হয়। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও আইন লঙ্ঘন প্রতিরোধে প্রশাসনের তৎপরতা অব্যাহত ছিল।
কর্মসূচিতে নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান রুম্মান, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, সহ-সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মাহিনুর ইসলাম মাহিন, কার্যনির্বাহী সদস্য ফরহাদ আহমদসহ দায়িত্ব পালনকারী পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।
নিসচার নেতারা বলেন, “দুর্গোৎসবের সময় সড়কে মানুষের চলাচল বেড়ে যায়। সাধারণ মানুষের ভোগান্তি কমানো ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টানা সাত দিন বিশেষ কর্মসূচি পালন করেছি।’’
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, “দুর্গাপূজা উপলক্ষে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করায় নিসচার স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রশাসন ও নিসচার এই যৌথ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও নিরাপদ সড়ক নিশ্চিত করতে যৌথ ও সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করছি।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









