জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ‘‘আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মনে হয়, আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভাবনা নেই।’’
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদের স্পিকার জানান, আওয়ামী লীগ তাদের ক্ষমতার সময় এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিল যখন সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব ছিল না।
তিনি বলেন, ‘‘নির্বাচনি ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন। একজন মানুষ অর্থশালী বা বিত্তবান নয় কিন্তু তার জনপ্রিয়তা আছে এবং সমাজের গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে নির্বাচন করার মত সুযোগ দেওয়া উচিত। এজন্য নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি নির্ধারণ করতে হবে যাতে করে সাধারণ মানুষের নির্বাচন করা সুযোগ হয়।’’
স্পিকার বলেন, ‘‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত এবং প্রয়োজন। গত ১৭ বছর নির্বাচন সুষ্ঠু হয়নি তাই আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।’’
তিনি আরও জানান, ভোলায় পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক গ্যাস আছে। ভোলার সাধারণ মানুষের গ্যাস প্রয়োজন। ভোলাবাসী অনেক দিন ধরে কষ্ট করছে। গ্যাস তো ভোলাবাসীর ন্যায্য অধিকার ও তাদের দীর্ঘ দিনের দাবি। এই বিষয়ে আমি জ্বালানি মন্ত্রীর সাথে কথা বলবো।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলমসহ প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









