শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কুড়িকাহনীয়া বাজারের কুটিমনি ব্রিজের নীচে নীল রংয়ের প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়।
কুড়িকাহনীয়া ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ খান নূন বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে একটি প্লাস্টিকের ড্রাম খালের পানিতে ভাসতে দেখে এলাকাবাসী। এভাবে পানিতে ড্রামটি ভাসতে দেখে এলাকার লোকজনের সন্দেহ হলে তারা গ্রাম পুলিশের মাধ্যমে শ্রীবরদী থানার পুলিশকে জানান।
পুলিশ ঘটনাস্থলে এসে ড্রামটি খুললে গলায় কাপড় পেঁচানো অবস্থায় এক নারীর লাশ দেখতে পান। এছাড়া লাশের কপাল ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানা যায়।
তবে ওই নারীর পরিচয় ও কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেছেন, ‘‘খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়। লাশ শনাক্তের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









