হেফাজতে ইসলামের নেতৃত্বে ‘সমমনা ইসলামী দল’ নামে সাতটি ইসলামী দল নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দলগুলো একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদ্রাসায় সাতটি ইসলামী দলের বৈঠক শেষে তিনি এ কথা জানান।
সাজিদুর রহমান বলেন, অন্য জোটে থাকা দলগুলো সেই জোট ছেড়ে ‘সমমনা ইসলামী দল’ রাজনৈতিক প্ল্যাটফর্মে আসার বিষয়ে একমত হয়েছে। সাত দলের পরবর্তী বৈঠক ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সমমনা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করতে ভূমিকা রাখছে হেফাজতে ইসলাম। তবে সংগঠনটির নির্দলীয় ভূমিকা অব্যাহত থাকবে।
জোটের সাতটি দল হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









