যুবসমাজ ও নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে চট্টগ্রামের রাউজানে খেলার মাঠ তৈরি করেছে ইউনিক ফুটবল ক্লাব।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাউজান পৌর এলাকায় ফিতা কেটে মাঠটির উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন।
সমাজসেবক মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী সুমন বলেন, তরুণ ও যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ মাঠ স্থানীয় তরুণদের ইতিবাচক মানসিকতা ও সামাজিক সংহতি বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
প্রধান বক্তা চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন বলেন, যুবসমাজকে মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়ানো জরুরি।
রাউজান কলেজ ছাত্রদল নেতা এয়াকুব উদ্দিন আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ শিহাব। এ সময় ক্রীড়া সংগঠক মিশু, কলেজশিক্ষার্থী ও ক্রীড়া সংগঠক মাহমুদুল হাসান নাহিন, মোহাম্মদ আবির, মোহাম্মদ সবুজ, মোহাম্মদ তানভীর, মোহাম্মদ জিসান, মোহাম্মদ সিয়াম রাফি, আরমান ও রিজভীসহ ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এ মাঠ স্থানীয় তরুণদের নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









