সারাদেশের ইউনিয়ন পর্যায়ে পুরোনো কমিউনিটি ক্লিনিকগুলো পর্যায়ক্রমে ফ্যামিলি ওয়েলবিং সেন্টারে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এসব কেন্দ্রে চিকিৎসক নিয়োগ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
শনিবার (২৪ অক্টোবর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে সকালে তিনি ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা দূর করে চিকিৎসাসেবায় গতি ফেরাতে সরকার কাজ করছে। জনগণের দোরগোড়ায় সুচিকিৎসা পৌঁছে দিতে বিভিন্ন জেলার হাসপাতাল পরিদর্শন করা হচ্ছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে প্রায় ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আহ্বানের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ক্যানসার চিকিৎসায় রেডিওথেরাপি মেশিন, পাঁচটি রোবটিক সার্জারি ব্যবস্থা এবং পাঁচ হাজার নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। মিডওয়াইফ নিয়োগের মাধ্যমে স্বাভাবিক প্রসবের হার বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন না করা চিকিৎসকদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, পরিদর্শনে কয়েকজন চিকিৎসককে অনুপস্থিত পাওয়া গেছে। রোস্টার যাচাই করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ের পরে হাসপাতালে উপস্থিত হলেও ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, রোগীদের খাবারের মান তুলনামূলক ভালো পাওয়া গেছে। তবে কয়েকটি বাথরুমের অবস্থা খারাপ থাকায় সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট প্রকৌশলীর মাধ্যমে দ্রুত পরিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। ডেঙ্গু ওয়ার্ডের মশারি ও সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
শিশু ওয়ার্ডে পেডিয়াট্রিক আইসিইউ চালু প্রসঙ্গে মন্ত্রী বলেন, জনবল সংকটে কার্যক্রম শুরু করতে বিলম্ব হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও সংকট সমাধানের আশ্বাস দেন তিনি। এ ছাড়া ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানান। সেখানে ডায়ালাইসিস, ফিজিওথেরাপি এবং ২০টি করে প্রসূতি ও শিশু শয্যা সংযোজন করা হবে।
হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের ব্যবহৃত সিরিঞ্জ বাইরে পাওয়ার অভিযোগের তদন্ত প্রতিবেদনও তলব করা হয়েছে।
পরিদর্শনকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, জেলা প্রশাসক সাইফুর রহমান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









