ধর্মনিরপেক্ষ রাজনীতির ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে উল্লেখ করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ময়মনসিংহ জেলা সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী বলেছেন, দেশের মানুষ এ ব্যর্থতা পুরোপুরি উপলব্ধি করলে রাজনৈতিক দৃশ্যপট আমূল বদলে যাবে।
শনিবার (২৪ অক্টোবর) বাদ জোহর ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৯ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠেয় জেলা কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা জমিয়তের সভাপতি শায়খুল হাদিস মুফতি নাঈম উদ্দীনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দীন ইউসুফ।
আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী বলেন, বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ইউরোপসহ পশ্চিমা বিশ্বেও ধর্মনিরপেক্ষতাবাদের প্রভাবে পরিবর্তন আসছে। তিনি আরও বলেন, ১৯১৯ সালে প্রতিষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলাম ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সংগঠনটির ঐতিহাসিক ভূমিকা রয়েছে। এ সময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জমিয়তের সহসভাপতি মুফতি জাকির হোসাইন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল বাকি।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা জমিয়তের সহসভাপতি মাওলানা বেলাল হুসাইন ও মাওলানা মুতীউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা যুবাইর আহমাদ হামযা, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নূরুল্লাহসহ স্থানীয় নেতারা।
সভায় বক্তারা আগামী ৯ নভেম্বর ময়মনসিংহের অনুভব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠেয় জেলা কর্মী সম্মেলন সফল করতে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









