ইমাম ও আলেমদের পাশে থাকার অঙ্গীকার করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, ইসলামের ধারক-বাহকদের জন্য প্রয়োজনে রক্ত দিতেও পিছপা হবেন না তিনি।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ধর্মমন্ত্রী বলেন, দেশের ইমাম-আলেম ও কওমি ওলামায়ে কেরাম ইসলামের ধারক-বাহক। তাদের জন্য প্রয়োজনে নিজের রক্ত দিতেও দ্বিধা করবেন না বলে উল্লেখ করেন তিনি।
অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাদ্রাসায় যৌন নিপীড়নসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।
ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে কেউ যেন উসকানি দিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
এ সময় জুমার খুতবায় মাদক, সন্ত্রাস ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে জোরালো বক্তব্য দিতে ইমামদের প্রতি আহ্বান জানান তিনি। সমাজে ইমামদের গ্রহণযোগ্যতার কথা উল্লেখ করে এসব অপরাধ প্রতিরোধে তাদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন ধর্মমন্ত্রী।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নেতারা ইমামদের বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা সমাধানে নিজেদের দাবি তুলে ধরেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









