নাটোরের নলডাঙ্গার হালতী বিলের একডালা ও খাজুরা এলাকায় অভিযান চালিয়ে ৭০টি চায়না রিং জাল ধ্বংস, ৪০০ মিটার বানা অপসারণ এবং ২৬ বস্তা শামুক উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।
অভিযানে জব্দ করা ৭০টি চায়না রিং জালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২০ হাজার টাকা। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া মাছ শিকারে ব্যবহৃত ৪০০ মিটার বাঁশের বেড়া (বানা) অপসারণ করা হয়। এ সময় অবৈধভাবে সংগ্রহ করা ২৬ বস্তা শামুক উদ্ধার করে হালতী বিলের পানিতে অবমুক্ত করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। নিরাপত্তার দায়িত্বে ছিল নলডাঙ্গা থানা পুলিশের একটি দল।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন জানান, মৎস্যসম্পদ সংরক্ষণ, অভয়াশ্রম সুরক্ষা ও আইন লঙ্ঘন প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









