নাটোরের নলডাঙ্গায় পাটবোঝাই ট্রাকের ধাক্কায় গেদি বেগম (৫৬) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।
রবিবার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে নলডাঙ্গা পৌরসভার পূর্ব সোনাপাতিল রেলব্রিজ এলাকায় নলডাঙ্গা-পাটুল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গেদি বেগম রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মো. বনি ইসরাইলের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেদি বেগম একটি অটোরিকশায় করে পাটুল থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। পথে নলডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব সোনাপাতিল রেলব্রিজ-সংলগ্ন মো. ওমিদুল শেখের করাতকলের উত্তর পাশে পৌঁছালে পেছন থেকে আসা একটি পাটবোঝাই ইঞ্জিনচালিত চার চাকার ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান গেদি বেগম।
খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও নলডাঙ্গা থানা-পুলিশের জরুরি দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পরে তাঁরা নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত পাটবোঝাই ট্রাকটি চালকসহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
আটক ট্রাকচালকের নাম মো. কাইসার (৩৭)। তিনি নাটোর সদর উপজেলার পণ্ডিতগ্রাম শিবপুর এলাকার মো. নুরুর ছেলে। পাটবোঝাই ট্রাকটি নিয়ে তিনি পণ্ডিতগ্রাম এলাকার সিদ্দিকের গুদামে যাচ্ছিলেন বলে জানা গেছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









