ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় বালু ব্যবসায়ীদের ছোঁড়া গুলিতে চারজন গ্রামবাসী আহত হয়েছে। আহতরা হলেন ওই গ্রামের আলিম মিয়া, নূরু মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নবীনগরের মেঘনা নদীতে বালু উত্তোলনকারীরা অবৈধভাবে নির্দিষ্ট সীমা ছেড়ে চরলাপাং গ্রামে এসে বালু উত্তোলন শুরু করে। এতে কৃষিজমিসহ আশপাশের এলাকায় ভাঙ্গণের ঝুঁকি তৈরি হওয়ায় গ্রামবাসী বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় পাশ্ববর্তী রায়পুরা উপজেলার মির্জারচর এলাকা থেকে স্পীডবোট ও নৌকায় করে আসা সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি ছুড়ে। এতে চারজন গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বালু উত্তোলনে বাধা দেওয়া গ্রামবাসীর উপর গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









