নাটোরের নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে নলডাঙ্গা পৌরসভার মোড়ে ‘নলডাঙ্গা পৌরবাসী’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নলডাঙ্গা পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যসচিব এস এম সান্টু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল রহমান, উপজেলা সমবায় দলের সভাপতি আনোয়ার হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক কাউন্সিলর হাফিজুল রহমান, পৌর জাসাসের সভাপতি শাহিন মোল্লা ও সদস্যসচিব আকবর হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতারা।
বক্তারা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় পরিচয়ের প্রভাব খাটিয়ে জাহাঙ্গীর আলম বিদ্যালয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন এবং বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন। তাঁদের দাবি, বর্তমানেও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন তারা।
জাহাঙ্গীর আলম নলডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বলেও মানববন্ধনে উল্লেখ করা হয়।
তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গীর আলম। তিনি বলেন, তাকে জড়িয়ে আয়োজিত মানববন্ধনে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। এটি কোনো মহলের ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা হতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা যেতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









