ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার সাত মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পর্যায়ক্রমে পাঁচটি ইউনিট আগুন নেভানো ও উদ্ধারকাজে যোগ দেয়।
আগুনের তীব্রতা বিবেচনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়। বর্তমানে মোট আটটি ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানার ভেতরে প্লাস্টিকের সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা জোর চেষ্টা চালাচ্ছেন।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কারও হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণসহ বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









