বরিশালের উজিরপুরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে নিজ বাড়িতে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত এক বিশেষ অভিযানে পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলা থেকে তাকে পাকড়াও করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল এসআরবি-৮ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাথী আক্তার।
গ্রেপ্তারকৃত অভিযুক্তের নাম মো. জাকির হোসেন (৪০)। তিনি উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
মিডিয়া অফিসার সাথী আক্তার জানান, মামলা রুজুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এসআরবি-৮ এর একটি চৌকস আভিযানিক দল রবিবারের (২৫ অক্টোবর) দিবাগত রাতে বানারীপাড়া থানাধীন কুন্দিহার গ্রামে অভিযান চালায়। সেখান থেকেই আত্মগোপনে থাকা মূল অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশী হওয়ার সুবাদে লম্পট জাকির হোসেন দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে নানাভাবে কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করে আসছিল। গত ২২ অক্টোবর সকালে কিশোরীটি বাড়ির পাশের ডোবার পাড়ে গেলে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে জাকির।
এ সময় কিশোরীর আত্মচিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
চাঞ্চল্যকর এই মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে দ্রুত গ্রেপ্তারের স্বার্থে এসআরবি-৮ এর সহযোগিতা কামনা করেন। এরপর এসআরবি’র আভিযানিক দল আধুনিক তথ্যপ্রযুক্তি এবং স্থানীয় সোর্সের সূত্র ধরে আসামির অবস্থান শনাক্ত করে তাকে আইনের আওতায় আনে।
গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্ত জাকির হোসেনকে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









