শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিলের একটি ৫২ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (২৬ অক্টোবর) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।
ভিডিওতে নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত একটি ব্যানার দেখা যায়। তবে মিছিলটি ঠিক কোথায় অনুষ্ঠিত হয়েছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, রাজিবুল ইসলাম বাপ্পি তার ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করে স্থান হিসেবে ‘জাজিরা, শরীয়তপুর’ উল্লেখ করেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘‘বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার ‘প্রত্যাবর্তন ২.০’-কে স্বাগত জানিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত স্বাগত মিছিল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) বলেন, ‘‘আমরা ভিডিওটি দেখতে পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পুলিশের পক্ষ থেকে তদন্তের কথা জানানো হলেও মিছিলের স্থান, আয়োজক এবং এতে অংশগ্রহণকারীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









