কিশোরগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বত্রিশ খালপাড় ও উত্তর স্বল্পমারিয়ায় ঘনবসতিপূর্ণ এলাকার ওপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের (৩৩ কেভি) বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ অন্যত্র সরানোর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার (২৬ অক্টোবর) সকালে প্রথমে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কিশোরগঞ্জ কার্যালয়ের সামনে এবং পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকাটি ঘনবসতিপূর্ণ আবাসিক অঞ্চল। এখানে একটি প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ রয়েছে। মসজিদটি ভবিষ্যতে তিনতলা করার পরিকল্পনাও রয়েছে। এমন জনবহুল এলাকার ওপর দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইন স্থাপন করা হলে শিশু-কিশোর, শিক্ষার্থী, মুসল্লি ও সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।
বক্তারা আরও বলেন, এলাকার একমাত্র তারা মসজিদ ও এর নির্মিত মার্কেটের ওপর দিয়ে বিদ্যুৎ লাইন নেওয়া হচ্ছে। পাশাপাশি ঐতিহাসিক শহিদী মসজিদের দান করা ছয় শতাংশ জমিও এ কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। জননিরাপত্তার স্বার্থে বিকল্প নিরাপদ স্থান দিয়ে লাইন স্থাপনের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে এলাকাবাসীর গণস্বাক্ষরসহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন স্মারকলিপিটি গ্রহণ করেন। এতে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ও বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। তদন্তে জননিরাপত্তার ঝুঁকি বা বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে জনস্বার্থে লাইনটি নিরাপদ স্থানে স্থানান্তর বা অপসারণেরও অনুরোধ জানানো হয়।
এলাকাবাসীর প্রত্যাশা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









