নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ, সামাজিক কুসংস্কার, সাইবার ঝুঁকি, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঝালকাঠির নলছিটিতে যুব সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের হলরুমে এ সংলাপের আয়োজন করে স্থানীয় যুব সংগঠন তারুণ্যের নলছিটি।
‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানের বাস্তবায়নে ছিল জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এতে সহায়তা করে ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাস।
তারুণ্যের নলছিটির সভাপতি খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন রিফাতের সঞ্চালনায় সংলাপে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন ও নলছিটি থানার সেকেন্ড অফিসার সুফল সরকার।
এ ছাড়া উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) নলছিটি উপজেলা সাধারণ সম্পাদক ও ভলান্টিয়ার্স অব নলছিটির আহ্বায়ক শাহাদাত আলম ফকির, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি শাহজালাল হোসাইন জিহাদী, জামায়াতে ইসলামীর উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষক মনির ইউ জামান এবং জাতীয় স্বীকৃতিপ্রাপ্ত উদ্যোক্তা ও রেনেসা যুব সামাজিক সংঘের সভাপতি আক্তারুজ্জামান। এ সময় স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকেরাও অংশ নেন।
সংলাপে বক্তারা তরুণদের অনলাইন নিরাপত্তা, গণমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার, নারীর মর্যাদা ও অধিকার রক্ষা এবং মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সমন্বিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
আনিসুর রহমান হেলাল বলেন, মাদক ও কিশোর গ্যাং সমাজের জন্য মারাত্মক ব্যাধি। এসব সমস্যা প্রতিরোধ এবং নারীর অধিকার সুরক্ষায় সমাজের সব স্তরের মানুষকে একযোগে দায়িত্ব পালন করতে হবে।
নাসরিন আক্তার বলেন, নারীদের পিছিয়ে পড়া রোধ ও সমাজে তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তরুণদের সচেতন করার এ উদ্যোগ সময়োপযোগী।
আয়োজকেরা জানান, স্থানীয় সিদ্ধান্ত গ্রহণকারী ও যুবনেতাদের মধ্যে সরাসরি আলোচনার সুযোগ তৈরি করাই ছিল সংলাপের লক্ষ্য। অনুষ্ঠানের সমাপনীতে তরুণদের নেতৃত্বে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









