বগুড়ার সারিয়াকান্দিতে থানা, শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস ও স্থানীয় উন্নয়নকাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান।
সোমবার (২৬ অক্টোবর) দিনব্যাপী সফরে সকালে তিনি সারিয়াকান্দি থানা পরিদর্শন করেন। পরে দুপুর ১২টার দিকে ধাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি।
এরপর নারচি ইউনিয়ন পরিষদ, উপজেলা ভূমি অফিস ও ফুলবাড়ি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় ভূমিসেবা ও দাপ্তরিক কার্যক্রমের বিভিন্ন দিক পর্যালোচনা করেন তিনি।
পরে ফুলবাড়ি বাজারে বুলু মাস্টারের গুদামঘর থেকে রফিকুলের মিলঘর পর্যন্ত রাস্তা মেরামত ও সিসি ঢালাইয়ের কাজ পরিদর্শন করেন। একই সঙ্গে ফুলবাড়ী নয়াপাড়া এলাকায় রাশেদুলের বাড়ি থেকে কামালের বাড়ি পর্যন্ত রাস্তার ইটের সোলিংকরণকাজও ঘুরে দেখেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









