বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার মধ্য দিয়ে বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে পৃথকভাবে কর্মসূচি পালন করে মহানগর ও জেলা যুবদল।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরের সদর রোডে অশ্বিনী কুমার হলসংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে মহানগর যুবদল। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
অন্যদিকে, জেলা যুবদলও সমাবেশ ও র্যালির আয়োজন করে। এ ছাড়া দিবসটি উপলক্ষে সদর রোডে সাধারণ মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, মহানগর বিএনপির আহ্বায়ক মনিনুজ্জামান খান ফারুক, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও জেলা যুবদলের সভাপতি এইচ এম তসলিম উদ্দিন এবং মহানগর যুবদলের সম্পাদক মাসুদ হাসান মামুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া যুবদল দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সংগঠনকে আরও সুশৃঙ্খল ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তারা।

নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দেশের মানুষের কল্যাণে নিজেদের সম্পৃক্ত করার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









