রংপুরের মিঠাপুকুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কায় নারীসহ চারজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় হতাহতদের দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখানে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিহতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মোজাফফর রহমান (৩৫) ও গোলাপী বেগম (৪৮) এবং উলিপুর উপজেলার বাসিন্দা বাসের সহকারী আপেল মাহমুদ (২৫)। নিহত অপর একজনের নাম-পরিচয় জানা যায়নি।
বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রোল পাম্পের বিপরীত পাশে মাজার মসজিদের সামনে মাটিভর্তি একটি ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী খান এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী মারা যান।
দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় বাস থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়।
বড়দরগা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জনসহ মোট ৪ জন মারা গেছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









