চাঁদপুরে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া ও বাজারে ভালো দাম পাওয়ায় খুশি জেলার কৃষকরা। ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, লাউ সহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজিতে সবুজ হয়ে উঠেছে মাঠের পর মাঠ। ভোরের কুয়াশা উপেক্ষা করে ক্ষেত থেকে সবজি সংগ্রহ ও বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।
কার্তিক মাসে শীতের পুরোপুরি আগমন না ঘটলেও আগাম সবজির চাষ ও ফলনে কৃষকদের মুখে হাসি ফুটেছে। মৌসুমের শুরুতে বাজারে ভালো দাম পাওয়ায় উৎপাদন খরচ পুষিয়ে লাভের আশা করছেন তারা। স্থানীয় বাজারগুলোতে বাড়ছে নতুন সবজির সরবরাহ। দূর-দূরান্ত থেকে পাইকাররা এসে ক্ষেত থেকেই সবজি কিনে নিচ্ছেন। অন্যদিকে, কিছুটা বেশি দাম হলেও তাজা সবজি কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতারা।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চাঁদপুর জেলায় প্রায় ৬ হাজার ১৩৫ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুকূল আবহাওয়া ও কৃষকদের সময়োপযোগী পরামর্শের কারণে এবার ভালো ফলনের আশা করছে কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবু তাহের জানান, আগাম সবজি চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। সময়মতো পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে উৎপাদন আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
আগাম শীতকালীন সবজির ভালো ফলন ও ন্যায্য বাজারমূল্য অব্যাহত থাকলে কৃষকদের আয় বাড়ার পাশাপাশি চাঁদপুরের গ্রামীণ অর্থনীতিও আরও সমৃদ্ধ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









