রাতের উৎকণ্ঠার অবসান ঘটিয়ে ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতেই কাঙ্ক্ষিত তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন ওপেনার সাদমান ইসলাম। জশুয়া বিশপের করা দিনের দ্বিতীয় বলে দুই রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন তিনি। ২২১ বলে এই মাইলফলক স্পর্শ করার ঠিক পরের বলেই অবশ্য সাজঘরে ফিরতে হয় এই বাঁহাতি ব্যাটারকে।
সাদমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন অভিষিক্ত বিশপ। রাউন্ড দ্য উইকেট থেকে মিডল ও অফ স্টাম্পের লাইনে লেংথ বল করেছিলেন বিশপ। বলটি পিচে পড়ে সামান্য সোজা হয়ে আসে। সাদমানের ব্যাট মিস করে লাগে প্যাডে।
আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। সাদমান রিভিউ নেন। তবে আলট্রাএজে কোনো স্পাইক দেখা যায়নি, অর্থাৎ বল ব্যাটে লাগেনি। এরপর বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বলটি সরাসরি মিডল স্টাম্পে আঘাত করত।
সাম্প্রতিক সময়টা এই ওপেনারের ভালো যাচ্ছিল না। ১৭ ইনিংস পর সেঞ্চুরি পেয়েছেন। সর্বশেষ ২০২৫ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন সাদমান। বাঁহাতি এই ওপেনারের প্রথম সেঞ্চুরি ২০২১ সালে, সেটিও জিম্বাবুয়ের বিপক্ষে।
৭৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২১৫।
২২৫ বলে সাদমানের রান ১০১। ২৮ বলে লিটন দাসের রান ১০।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









