ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মায়ের সামনে দুই বোনের মৃত্যু হয়েছে। কাভার্ড চালক ঘুমাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ময়মনসিংহ ফুলপুর সড়কের পশ্চিম তালদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই বোন আরবিয়া (৮) ও রাবিয়া (৬) উপজেলার পশ্চিম তালদিঘী গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে শিশু দুটির মা ফাতেমা আক্তার গৃহকর্মীর কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এ সময় তার সঙ্গে ছিল দুই মেয়ে। তারা পশ্চিম তালদিঘী এলাকার ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে আসতেই পিছন থেকে একটি কাভার্ডভ্যান দুই শিশুদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।
ইতিমধ্যে, এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মায়ের সাথে দুই শিশু সড়কের কিনারা দিয়ে হাঁটছিল। এ সময় পিছন থেকে আসা একটি কাভার্ডভ্যান দুই বোনকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এটা নিছক কোনো দুর্ঘটনা নয়, দেখলে মনে হয় যেন ইচ্ছা করেই কাভার্ডভ্যান চালক শিশুদের পিষে হত্যা করেছে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ বলেন, ‘‘সিসিটিভি ফুটেজ দেখে মনে হচ্ছে- কাভার্ডভ্যান চালানোর সময় চালক ঘুমাচ্ছিলেন। যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত শিশুদের মরদেহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









