টাঙ্গাইলের সখীপুরে মাটি খুঁড়ে পাওয়া দু’টি জং ধরা লোহার বাক্স থেকে ১২টি রকেট লঞ্চার ও ৩টি গোলাকার হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার কচুয়া থলচালা এলাকার একটি কৃষি জমি থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার কৃষক মো. আশরাফ আলী ছেলে শাকিলকে নিয়ে নিজের জমিতে মাটি কাটছিলেন। এ সময় কোদাল মাটির নিচে শক্ত কিছুর সঙ্গে লাগলে তারা খুঁড়ে লোহার তৈরি দুটি বাক্স দেখতে পান। পরে বাক্স দুটি তুলে জমির আইলে রেখে থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাক্সসহ ভেতরে থাকা বস্তুগুলো উদ্ধার করে। উদ্ধার হওয়া বাক্স দুটির ভেতরে ৬টি করে মোট ১২টি রকেট লঞ্চার সদৃশ বস্তু এবং আলাদা ৩টি গোলাকার হাতবোমা সদৃশ বস্তু ছিল। প্রতিটি বস্তুই জং ধরা ও অনেক পুরোনো। বাক্স দুটির গায়ে ইংরেজি অক্ষরে ‘East Pakistan Police Tangail’ লেখা একটি নেমপ্লেট রয়েছে।
জমির মালিক কৃষক আশরাফ আলী বলেন, ‘‘ছেলেকে নিয়ে জমিতে মাটি কাটার সময় হঠাৎ মাটির নিচে লোহার বাক্স দেখতে পাই। ভয়ে হাত না দিয়ে আইলে তুলে রেখে পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে এগুলো উদ্ধার করে।’’
স্থানীয় ইউপি সদস্য হাসান আলী বলেন, ‘‘মোবাইলে খবর শুনে এসে দেখি ঘটনাস্থলে অনেক লোকজন ভিড় করেছে। দেখে মনে হচ্ছে বহু পুরোনো কোনো নিদর্শন। ধারণা করা হচ্ছে, এগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন বা তারও আগের সময়ে পূর্ব পাকিস্তান পুলিশের ব্যবহৃত সরঞ্জাম হতে পারে।’’
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, ‘‘জং ধরা ১২টি রকেট লঞ্চার সদৃশ ও ৩টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো আসলেই বিস্ফোরক কি না বা ব্যবহারযোগ্য কি না, তা পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









