কক্সবাজারের মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি বন্দুক ও একটি এলজিসহ আব্দুল মালেক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজুয়ার ঘোনা এলাকায় সড়কের একটি কালভার্টের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুলতানের নেতৃত্বে পিএসআই মোহাম্মদ ইকবাল, এএসআই হারুন মিয়াসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। এ সময় আব্দুল মালেকের কাছ থেকে দেশীয় তৈরি একটি বন্দুক ও একটি এলজি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আব্দুল মালেক বড় মহেশখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড় ডেইল গ্রামের শফিউল আলমের ছেলে।
মহেশখালী থানার ওসি মো. আব্দুস সুলতান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি বন্দুক ও একটি এলজিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









