ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। নতুন দিনে ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত অলআউট করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। এরই মধ্যে স্বাগতিক শিবিরে স্বস্তি ফিরেছে। কনুইয়ের চোট কাটিয়ে আবারও উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা গেছে লিটন দাসকে।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় কনুইয়ে বলের আঘাত পেয়েছিলেন এই উইকেটকিপার ব্যাটার। এ কারণে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের শুরু থেকে ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি। তার পরিবর্তে উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করেন জাকের আলি। তবে তৃতীয় দিনের খেলায় আবারও কিপিংয়ে ফিরেছেন লিটন।
চোটের কারণে বাংলাদেশের সর্বশেষ ত্রিদেশীয় সিরিজেও খেলতে পারেননি লিটন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে দলে ফেরেন তিনি। নতুন করে চোট পাওয়ায় দ্বিতীয় ইনিংসে তার ব্যাটিং নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে উইকেটের পেছনে ফেরায় তাকে ব্যাট হাতেও দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রান করে। জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টি ও আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনের খেলা সংক্ষিপ্ত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









