চট্টগ্রামের রাউজানে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও যানবাহনে উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাসের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান চলাকালে রাউজান ফকিরহাট বাজারের ব্যবসায়ী নাছির উদ্দিনের প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। এ সময় নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাঁর দোকান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
পরে সড়ক পরিবহন আইন ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা লঙ্ঘন করে উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে দুটি ট্রাক ও একটি বাসের চালককে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা জানান, পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্যের ক্ষতি রোধে নিষিদ্ধ পলিথিন এবং শব্দদূষণের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









