লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে, গাঁজা ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৪৬৭টি ভারতীয় মোবাইল ডিসপ্লে, ৫ কেজি গাঁজা ও ৫০ বোতল মদ। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (৩০ অক্টোবর) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিস্তা ব্যাটালিয়নের অধীন পঁয়ষট্টিবাড়ী বিওপির বিশেষ টহলদলের সদস্যরা পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ী এলাকায় অভিযান চালান। সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৪৬৭টি ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
অন্যদিকে, সিংগীমারী বিওপির বিশেষ টহলদলের সদস্যরা হাতীবান্ধা উপজেলার কানিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫ কেজি ভারতীয় গাঁজা ও ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করেন। ওই স্থানটি সীমান্ত থেকে প্রায় ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
বিজিবির তথ্য অনুযায়ী, জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ২৮ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বিজিবি।
তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









