গাজীপুরের নাওজোড় এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর দুই সহকর্মী আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিবের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, নাওজোড় এলাকায় একটি নির্মাণাধীন তিনতলা ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর দুটি কক্ষ নির্মাণ করে পোশাকশ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। এর একটি কক্ষে সাকিবসহ তিনজন শ্রমিক বসবাস করতেন।
শুক্রবার সকালে হঠাৎ সেপটিক ট্যাংকটি বিস্ফোরিত হলে কক্ষটির দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় সাকিব ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণে তাঁর অপর দুই সহকর্মী আহত হন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনায় সাকিব নামে একজন নিহত হয়েছেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









