মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মাদানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিদ্যালয়ের হলরুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা পাওয়া শিক্ষকরা হলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া বেগম ও সহকারী শিক্ষক স্বপন সূত্রধর।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিমি দেবের সঞ্চালনায় এবং ম্যানেজিং কমিটির সভাপতি শেখ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া বেগম, সহকারী শিক্ষক স্বপন সূত্রধর, বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ বোরহান উদ্দিন ও মো. চিনু মিয়া, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিমা আক্তার, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, সুখনাভী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুফিয়ান আহমদ, বিদ্যালয়ের জমিদাতা বাবুল মিয়া ও আকবর আলী প্রমুখ।
এ সময় বক্তারা দুই শিক্ষকের কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে তাদের অবদান ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তাদের নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া বেগমকে কমলগঞ্জ উপজেলার মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং সহকারী শিক্ষক স্বপন সূত্রধরকে কুলাউড়া উপজেলার এলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।
অন্যদিকে, মাদানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবাগত সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছেন রিমি দেব ও চয়ন দেবনাথ। নবাগত শিক্ষকদেরকে ফুল দিয়ে বরন করেছে স্কুল কর্তৃপক্ষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









