পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রথম ইউনিটের পাওয়ার স্টার্টআপ বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।
এই পর্যায়ে প্রথমবারের মতো চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন প্রক্রিয়া তৈরি করা হবে। এর মাধ্যমে নিয়ন্ত্রিত ও নিরাপদ উপায়ে ধীরে ধীরে শক্তি উৎপাদন শুরু হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যুৎকেন্দ্রটির আগের সব পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটের ‘বি ওয়ান’ পর্যায়ের কাজও মোটামুটি সফলভাবে শেষ হয়েছে। সর্বশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।
এরপর শুরু হয়েছে পরবর্তী ধাপ ‘বি টু’। এ পর্যায়ে প্রাথমিক পরিচালনার জন্য পারমাণবিক চুল্লিকে প্রস্তুত করা হয়। এই প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরই শুরু হয় ক্রিটিক্যালিটি প্রক্রিয়া।
ক্রিটিক্যালিটি হলো পারমাণবিক চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক পরমাণু বিভাজন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এ প্রক্রিয়ায় নিয়ন্ত্রিতভাবে চুল্লির শক্তি উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে বাড়ানো হয়।
পরিকল্পনা অনুযায়ী, বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করে উৎপাদন সক্ষমতা ৩০০ মেগাওয়াটে পৌঁছালে জাতীয় সঞ্চালন লাইনে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









