কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের হামলায় মো. আয়াস (২২) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ছৈয়দ মোহাম্মদ (২৪) নামে আরও একজন আহত হয়েছেন। নিহত ও আহত দুজনই রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্য বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে নিজ নিজ ঘর থেকে তাদের তুলে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই আয়াসের মৃত্যু হয়। তিনি ওই ক্যাম্পের বাসিন্দা করিম উল্লাহর ছেলে। আহত ছৈয়দ মোহাম্মদ একই ক্যাম্পের ফকির আহমেদের ছেলে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ জানান, পরিবারের সদস্য ও সাধারণ রোহিঙ্গাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আরসার সদস্যরা দুজনকে ঘর থেকে তুলে নিয়ে নিজেদের হেফাজতে রেখে মারধর করে। আহত ছৈয়দ মোহাম্মদকে ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে এ ঘটনায় আরসার সদস্য মো. সলিম, নজিম উল্লাহ, ফয়সাল, আকরাম ও হানিফসহ কয়েকজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। আয়াসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









