ইরানের সাতটি শর্ত মেনে নিলেই কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি সম্ভব বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি বলেছেন, ইরানের ওপর চাপ সৃষ্টি কিংবা প্রলোভন দেখিয়ে কোনো ফল পাওয়া যাবে না।
শুক্রবার (৩০ অক্টোবর) ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ইরানের শর্তগুলো মধ্যস্থতাকারীদের কাছে বারবার এবং স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এসব শর্তের সব কটিতে সম্মতি না পাওয়া পর্যন্ত কূটনৈতিক আলোচনায় কোনো অগ্রগতি হবে না।
তিনি বলেন, ‘‘চাপ সৃষ্টি ও প্রলোভন দেখানোর নীতি ইরানের ওপর কোনো প্রভাব ফেলবে না। ইরানের সাতটি শর্তে সম্মতি এলেই কেবল অগ্রগতি সম্ভব।’’
এদিকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক সমঝোতার পথ খুঁজতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। এ প্রচেষ্টায় কাতারের মধ্যস্থতার পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের তেহরান সফরও রয়েছে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইয়ের কাছে একটি চিঠি পাঠিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। চিঠিতে আলোচনা পুনরায় শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ওই প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছু প্রতিশ্রুতির বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রের ছাড় দেওয়ার কথা বলা হয়েছে।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ অবমুক্ত করা এবং লেবাননে ইসরাইলের সামরিক অভিযানসহ সব রণাঙ্গনে শত্রুতা বন্ধ করা।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিকার অর্থে আলোচনায় অগ্রগতি এবং হরমুজ প্রণালি নিয়ে সমঝোতা চায়, তাহলে তেহরানের শর্তগুলো মেনে নিতে হবে।
অন্যদিকে মোহসেন রেজাইয়ের বক্তব্য অনুযায়ী, যেকোনো আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রকে আস্থা তৈরির জন্য বাস্তব ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। চাপের মুখে ইরান কোনো ছাড় দেবে না বলেও তিনি পুনর্ব্যক্ত করেছেন।
এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









