প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ এবং মানবসম্পদ উন্নয়নের নতুন সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শুক্রবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্কের বহুমুখী গুরুত্ব এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখেই প্রধানমন্ত্রীর এই সফর অনুষ্ঠিত হয়েছে। সফরের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখা ও আরও সম্প্রসারণের বিষয়ে জাপানের প্রতিশ্রুতি পাওয়া গেছে। পাশাপাশি বেসরকারি খাতে বিনিয়োগ এবং মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় জাপানের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, যোগাযোগ, পরিবেশ, কৃষি, মানবসম্পদ উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থাপনা, টেকসই অর্থনীতি, আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা এবং রোহিঙ্গা সংকট সমাধানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জাপানের নিরবচ্ছিন্ন সহযোগিতার প্রতিশ্রুতি নিয়ে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন।
হুমায়ুন কবিরের মতে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার হওয়ার পথ তৈরি হয়েছে।
সামগ্রিকভাবে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, উন্নয়ন সহায়তা অব্যাহত রাখা এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরির দিক বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে অত্যন্ত কার্যকর ও ফলপ্রসূ হিসেবে অভিহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









