ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, জামায়াতের শীর্ষ নেতারা ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য ভারতকে তোষণ করত। এখন জামায়াতও ক্ষমতায় যেতে একই ধরনের কৌশল অবলম্বন করছে। জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের তথ্য-প্রমাণ তার কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়েও রয়েছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকদের কাছেও তথ্য রয়েছে বলে জানান রাশেদ।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী একটি জনসভায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুটি দলের এক হওয়ার কথা বলেছিলেন। জামায়াতকে উদ্দেশ করে রাশেদ বলেন, প্রকাশ্যে ভারতবিরোধী বক্তব্য দিয়ে রাতে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলে তা আধিপত্যবাদবিরোধী রাজনীতি হতে পারে না। জামায়াতের এ ধরনের বৈঠকের অভিযোগ অস্বীকার করার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি দলটিকে তাঁর বিরুদ্ধে মামলা করার চ্যালেঞ্জ জানান।
বিরোধী দলের ঢাকা থেকে শুরু হওয়া খুলনা বিভাগীয় লংমার্চ প্রসঙ্গে রাশেদ বলেন, লংমার্চটি গোপালগঞ্জ হয়ে খুলনায় প্রবেশ করে যশোর, ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় শেষ হওয়ার কথা। জামায়াত গোপালগঞ্জে পথসভা করবে না বলে জানিয়েছে। দলটির নৈতিক অবস্থান থাকলে সেখানে পথসভা করার আহ্বান জানান তিনি।
ঠাকুরগাঁও উপনির্বাচন প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, জাতীয় নির্বাচনে জামায়াতের ‘জান্নাতের টিকিট’ প্রচারণায় মানুষ বিভ্রান্ত হলেও ঠাকুরগাঁওয়ের নির্বাচনে ভোটাররা সেই প্রচারণাকে প্রত্যাখ্যান করেছেন।
এর আগে পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন রাশেদ খাঁন। পরে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের সঙ্গে কুশলবিনিময় করেন। এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









