গাজীপুর প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত নিয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ, কালো টাকা ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তদন্ত এবং অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক সমিতি, গাজীপুর জেলা শাখা।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির মহাসচিব ও প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন।
মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সদস্য অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, মাজহারুল ইসলাম কাঞ্চন, এম আসাদুজ্জামান সাদ, খোরশেদ আলম, গোলাম রসুল দিনার ও হাফিজুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসেন অভিযোগ করেন, প্রেস ক্লাবের নির্বাচনে একজন প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীরের নাম ব্যবহার করে অর্থ বিলিয়ে ভোট কেনার চেষ্টা করেছেন। বিভিন্ন অনিয়ম এবং প্রার্থী ও ভোটারদের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ভোট স্থগিত করেছে। এসব অভিযোগ তদন্তে ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচন স্থগিতের জন্য সরকারকে দায়ী করে একজন প্রার্থী ব্যক্তিগত ফেসবুক আইডিতে মন্ত্রণালয়ের নির্দেশে নির্বাচন বন্ধ হয়েছে বলে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছেন। এ ধরনের অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









