রাজবাড়ীর গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির হামলায় মো. ফজের আলী (৭০) নামে আঞ্জুমান-ই-কাদেরিয়া খানকা শরীফের বাবুর্চি নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া আঞ্জুমান কাদরীয়া খানকা শরীফ প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।
নিহত মো. ফজের আলী রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মল্লিক পাড়া গ্রামের আহমেদ আলীর ছেলে। এ ঘটনায় বাবুর্চি ফজের আলীর সহকারী সোনাভান বিবি (৭০) গুরুতর আহত হয়েছেন। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর সিদ্দিক কাজীর পাড়া গ্রামের সাইমুদ্দিন শেখের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, খানকা শরীফের রন্ধনশালায় গিয়ে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি খাবার চান। এসময় খাবার দিতে দেরি হওয়ায় রন্ধনশায় থাকা রান্নার লাকড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বাবুর্চি ও তার সহকারীকে। উপস্থিত খানকা শরীফের ভক্ত ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাবুর্চি ফজের আলীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত বাবুর্চির সহকারী সোনাভান বিবিকে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হামলাকারী মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আটক করা হয়েছে। এখনো পর্যন্ত তার নাম ঠিকানা কিছুই জানা সম্ভব হয়নি। তবে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান আছে বলে তিনি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









